সিলেটটুডে ডেস্ক | ০৮ সেপ্টেম্বর, ২০২২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ৭ কৃষকের মৃত্যু হয়েছে। উল্লাপাড়ার মাটিকোড়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন ৫ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এসব নিশ্চিত করেছেন পঞ্চকুশি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ।
তিনি বলেন, ‘বিকেলে আমার ইউনিয়নের মাটিকোড়া গ্রামে কৃষকরা মাঠে ধানের কাজ করছিলেন। সে সময় হঠাৎ মেঘের আনাগোনা দেখে তাদের মধ্যে ১৩ জন মাঠের মধ্যে শ্যালোমেশিনের ঘরে আশ্রয় নেন।
‘তখন বজ্রপাত হলে তারা চিৎকার করতে থাকেন। গ্রামবাসি ছুটে গিয়ে দেখে সেখানেই ৫ জন মারা গেছেন। ফায়ার সার্ভিস এসে আহতদের হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়।’
নিহতরা হলেন উপজেলার শিপপুর গ্রামের মো. মোবাখর, মোন্নাফ হোসেন, শমসের আলী, আফসার হোসেন, শাহিন আলী এবং মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস ও শাহ আলম।
এদের মধ্যে আফসার ও শাহিন বাবা-ছেলে এবং শাহ আলম ও আব্দুল কুদ্দুস ভাই।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করেছে। এখন পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।