Sylhet Today 24 PRINT

বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সিলেটটুডে ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০২২

রংপুরের তারাগঞ্জে অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাত দিনের নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সাতজন।

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের খারুভাজ ব্রিজ সংলগ্ন সলেয়াশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে বরাত (৩০), জাহানুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও সাত দিনের নবজাতক। 

জানা গেছে, রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার খারুভাজ ব্রিজ থেকে পশ্চিমে কয়েক গজ দূরে সলেয়াশা বাজারের কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের ৭ জন আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের মধ্যে সাত দিনের একটি নবজাতকসহ তিনজন মারা যান।

পুলিশের একটি সূত্র জানায়, ভোরে নীলফামারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী নিয়ে একটি মাইক্রোবাস রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছিল। পথে সলেয়াশা বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের ৭ জন আহত হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ জানান, ভোর সাড়ে ৫টার দিকে সলেয়াশা বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে এক শিশুসহ তিনজন মারা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.