Sylhet Today 24 PRINT

দুর্গাপূজায় শুরু থেকে শেষ পর্যন্ত মণ্ডপে থাকবে আনসার

সিলেটটুডে ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০২২

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুর্গাপূজার শুরু থেকে শেষ পর্যন্ত সারা দেশের মণ্ডপগুলোতে ২৪ ঘণ্টাই আনসার সদস্যদের রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সচিবালয়ে রোববার দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

দুর্গাপূজায় কোনো নিরাপত্তা শঙ্কা আছে কি না, তা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের গোয়েন্দাদের কাছে তেমন কোনো খবর নেই। এবার সব মণ্ডপে আনসার স্থায়ীভাবে থাকবে।

‘আমরা বলেছি প্রতিটি মণ্ডপে সিসিটিভি থাকতেই হবে। পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে।’

এসব ব্যবস্থার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও তৎপর থাকবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর দেশে পূজা করতে পারবে না, বড়দিন করতে পারব না, বৌদ্ধ পূর্ণিমা হবে না বা ঈদ হবে না, এটা কখনও করতে দেয়া হবে না।’

তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবক থাকলে গত বছর কুমিল্লার ঘটনা ঘটত না। কোনো জায়গায় বিশেষ ব্যবস্থা নিতে হলে নেয়া হবে।’

গত বছরের অক্টোবরে দুর্গাপূজায় সারা দেশে উৎসবমুখর পরিবেশের মধ্যে কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়ার পর ছড়িয়ে পড়ে সহিংসতা।

নানুয়ার দিঘির পাড়ের ওই মণ্ডপে চলে ব্যাপক ভাঙচুর, আক্রান্ত হয় নগরীর আরও বেশ কিছু পূজামণ্ডপ। পরে সহিংসতা ছড়িয়ে পড়ে চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.