Sylhet Today 24 PRINT

বিকালে শহীদ মিনারে শ্রদ্ধা, সাজেদা চৌধুরীর দাফন বনানীতে

সিলেটটুডে ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০২২

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের নগরকান্দায়। এম এন একাডেমি স্কুল মাঠে বেলা সোয়া ১১টায় এ জানাজা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর থেকে মরদেহ নিয়ে এসে বিকাল ৩টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। পরে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য সাজেদা চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বার্ধক্যজনিত কারণে কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন সাজেদা চৌধুরী। তার স্বাস্থ্যের আরও অবনতি হলে গত সপ্তাহে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রবিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.