Sylhet Today 24 PRINT

শয়নকক্ষে বিআরটিএ পরিদর্শকের মরদেহ

সিলেটটুডে ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০২২

চুয়াডাঙ্গায় নিজ শয়নকক্ষ থেকে বিআরটিএ পরিদর্শকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা পৌর এলাকার জেলা পরিষদের সদর ডাকবাংলোর ‘কপোতাক্ষ’ কক্ষের দরজা ভেঙে সোমবার দুপুর দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

৪০ বছর বয়সী সাইফুল্লাহ বাহারের বাড়ি মানিকগঞ্জ জেলার পূর্ব ভাকুম গ্রামে। সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল সকালে সহকর্মীদের কাছে শারীরিক অসুস্থতার কথা বলে অফিস থেকে নিজ কক্ষে চলে আসেন তিনি।সোমবার নির্ধারিত সময়ে অফিসে না যাওয়ায় তাকে একাধিকবার ফোনে কল দেন সহকর্মীরা। কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানান তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দুপুরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

ওসি আরও বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের শারীরিক অবস্থা ও ঘটনাস্থলের পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.