Sylhet Today 24 PRINT

এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০২২

চলতি বছরের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৬ নভেম্বর।

লিখিত পরীক্ষা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা শেষ হবে ২২ ডিসেম্বর। অর্থাৎ ৩৭ দিনেই শেষ হবে এইচএসসির লিখিত পরীক্ষা।

সোমবার আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা এইচএসসি পরীক্ষার সূচি থেকে এ তথ্য জানা গেছে। বোর্ডগুলোর ওয়েবসাইটে এই সময়সূচি দেয়া হয়েছে।

এইচএসসি পরীক্ষার ঘোষিত সময়সূচিতে বলা হয়, পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) ও পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা হবে। এমসিকিউ অংশের জন্য সময় ২০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। এই দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। সময়সূচিতে মোট ১১ দফা নির্দেশনা দেয়া হয়েছে।

চলতি বছরের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে তা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেয়া হবে।

সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও গত বছর করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত বছর এসএসসি পরীক্ষা নেয়া হয় প্রায় ৯ মাস পর নভেম্বরের মাঝামাঝি আর এইচএসসি পরীক্ষা হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.