Sylhet Today 24 PRINT

স্বর্ণের দাম আরও কমেছে

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০২২

স্বর্ণের দাম আরও কমেছে। চার দিনের ব্যবধানে ভরিতে ৯৩৩ টাকা কমে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ৮২ হাজার ৩৪৮ টাকায় নেমে এসেছে। এই কয়দিন যা ৮৩ হাজার ২৮১ টাকায় বিক্রি হয়েছে।

অন্যান্য মানের স্বর্ণের দামও প্রায় একই হারে কমানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।

রোববার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণেল দাম কমানোর ঘোষণা দেয়া হয়।

তাতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

সোমবার থেকে সারা দেশে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

নতুন দর অনুযায়ী, সোমবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৮২ হাজার ৩৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭৫ টাকা কমে ৭৮ হাজার ৬১৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম কমানো হয়েছে ৭০০ টাকা। এখন বিক্রি হবে ৬৭ হাজার ৪১৮ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৫৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৮৭১ টাকা।

এর আগে সবশেষ গত ১৪ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমানো হয়। ১৫ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হয়।

রোববার পর্যন্ত ভালো মানের স্বর্ণের দাম ছিল ৮৩ হাজার ২৮১ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি বিক্রি হয়েছে ৭৯ হাজার ৪৯০ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হয়েছে ৬৮ হাজার ১১৮ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ৫৬ হাজার ৪৫৪ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.