Sylhet Today 24 PRINT

সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল

সিলেটটুডে ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০২২

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ ২০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন আদালত। সেই সঙ্গে অভিযোগ গঠনের শুনানির জন্যও ওই দিন ধার্য করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত এ আদেশ দেন।

এদিন আদালতে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আদালতে উপস্থিত হন। এ সময় তার আইনজীবী স্থায়ী জামিন চেয়ে আবেদন করলে দুদকের আইনজীবী বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২০ অক্টোবর পর্যন্ত জামিন বহাল রাখেন।

এছাড়া মামলার আইনজীবী এহসানুল হক সমাজী দেশের বাইরে থাকায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্যও সময়ের আবেদন করা হয়। পরে আদালত আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেন।

এর আগে এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য গত ২২ আগস্ট দিন ধার্য ছিল। ওইদিন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএমইউ) থেকে আদালতে হাজির করা হয়।

এরপর সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এর বিরোধিতা করেন।

আদালত শেষবারের মতো আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে ১৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছিলেন। এছাড়া সম্রাটের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে দুদকের করা মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরের বছর অর্থাৎ ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এতে সম্রাটের বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.