Sylhet Today 24 PRINT

যুবলীগের সাধারণ সম্পাদকসহ পাঁচশত ব্যক্তির বিরুদ্ধে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০২২

ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত চার থেকে পাঁচশত ব্যক্তির বিরুদ্ধে মামলা নিতে আদালতে আবেদন করেছেন বিএনপি নেতা আইনজীবী উমর ফারুক ফারুকী।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেনের আদালতে তিনি এই আবেদন করেন ।

আদালত বাদী উমর ফারুকের জবানবন্দি রেকর্ড করেছেন। তবে মামলা গ্রহণ সংক্রান্ত বিষয়ে কোনো আদেশ দেননি। আদালত সূত্রে জানা গেছে এ তথ্য।

মামলায় বলা হয়, ১৫ সেপ্টেম্বর মিরপুরের পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে বিএনপির নেতা-কর্মীদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে বিএনপির জসীম, রনিসহ অনেকে গুরুতর জখম হন।

বাদীপক্ষের আইনজীবী বিএনপি নেতা মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন, মিরপুরে বিএনপির সমাবেশে হামলা চালিয়ে হত্যাচেষ্টা, মারধরের অভিযোগে যুবলীগের সাধারণ সম্পাদকসহ ২০ জনের নামে মামলার আবেদন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.