Sylhet Today 24 PRINT

মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০২২

শুভ মহালয়ার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হলো চণ্ডিপাঠের মধ্যদিয়ে আবাহন জানানো হলো দুর্গতিনাশিনীকে। ১ অক্টোবর মূল পূজা শুরু হয়ে ৫ অক্টোবর দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় উৎসব।

সনাতন ধর্মমতে, এ দিন প্রয়াত আত্মাদের মর্ত্যে পাঠানো হয়। যে আত্মার সমাবেশই মহালয়া নামে পরিচিত।

পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের শুরু। একই সঙ্গে শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্নেরও শুরু আজ থেকে। মহালয়ার মাধ্যমে দেবী দুর্গা আজ পা রেখেছেন মর্ত্যলোকে। বছর ঘুরে আবারও উমা দেবী আসছেন তার বাপের বাড়ি।

পুরাণমতে, অশুভ অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হওয়ার পর চারদিকে শুরু হয় অশুভ শক্তির প্রতাপ। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। তখন দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হন অসুরবিনাশী দেবী দুর্গা। মহালয়ার সময় ঘোর অমাবস্যা থাকে। তখন দুর্গা দেবীর মহাতেজের আলোয় সেই অমাবস্যা দূর হয়। প্রতিষ্ঠা পায় শুভশক্তি।

এদিকে, শারদীয় দুর্গা পূজাকে ঘিরে মাদারীপুরে বেড়েছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। নিপুণ হাতে মাটির কাজ শেষে মন্ডপগুলোতে চলছে রং তুলির কাজ।

দুর্গতিনাশীনির আগমনে কাঁশবন ও আকাশ সেজেছে নতুন রূপে। সবধরনের অপশক্তি দূর হয়ে পৃথিবীজুড়ে বইবে শান্তির বাতাস, এমন প্রত্যশা সবার।

উৎসব শান্তিপূর্ণ করতে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে চাওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে, উৎসবকে ঘিরে ৩ স্তরের নিরাপত্তার কথা জানায় পুলিশ।

গনেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী এই চার ছেলে-মেয়েকে নিয়ে এবার হাতির পিঠে চড়ে বাবার বাড়ি মর্তলোকে আসবেন দেবী দুর্গা, আর কৈলাশে ফিরে যাবেন নৌকাতে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.