Sylhet Today 24 PRINT

খালেদার কার্যালয়ের সামনে দিনমজুরদের বিক্ষোভ

অবরোধ-হরতাল তুলে নেওয়ার দাবিতে পরিবহন শ্রমিক ও শিক্ষার্থীদের পর এবার খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন একদল দিনমজুর।

নিউজ ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৫

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশান ২ নম্বরের ৮৬ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের কাছে কোদাল-ঝুড়ি হাতে তারা অবস্থান নেন। অবরোধ ও হরতালবিরোধী স্লোগানে প্রায় পৌনে এক ঘণ্টা তারা সেখানে অবস্থান করেন।  

তৃণমূল দিনমজুর সমিতির ব্যানারে এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন জহিরুল হক মিন্টু, তিনি গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

মিন্টু সাংবাদিকদের বলেন, “আমরা অবরোধ ও হরতালের কারণে কাজ পাচ্ছি না। গত এক মাস ধরে আমাদের কোনো কাজ-কর্ম নেই। এসব কর্মসূচি আমাদের ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। এজন্য প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি।”

বিক্ষোভে অংশ নেওয়া আমেনা খাতুন বলেন, “বেগম খালেদা জিয়ার কাছে আমাদের একটাই আবেদন, হরতাল দেবেন না।  অবরোধ তুলে নিন। অবরোধ-হরতালের কারণে আমরা কাজ পাচ্ছি না। সংসার চালাতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি।”

এই দিনমজুরদের কয়েকজন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, মিন্টু তাদের নিয়ে এসেছেন।

লাগাতার অবরোধের ঘোষণা দিয়ে গত ৩ জানুয়ারি থেকে এই কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন।

এসএসসি পরীক্ষার মধ্যে অবরোধ তুলে নিতে এর আগে গুলশানের আশপাশের কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা এর মধ্যে খালেদার কার্যালয়ের সামনে বিক্ষোভ-মানববন্ধন করে ও স্মারকলিপি দেয়।

অবরোধে গাড়ি পুড়িয়ে হত্যার প্রতিবাদে গত দুই দিন ধরে গুলশান ২ নম্বর মোড়ে ‘নিরীহ গাড়িচালক লীগ’ ব্যানারে একদল কাফনের কাপড় পড়ে অবস্থান কর্মসূচি পালন করছে। 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.