Sylhet Today 24 PRINT

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০২২

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) থেকে টানা ৮ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে সরকারি ছুটির দিন ব্যতিত বন্দরে আমদানিকৃত পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে। এছাড়াও স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আর বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবং সাপ্তাহিক ছুটিসহ আগামী ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ৭ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত এই বন্দরে ভারত থেকে সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ থাকবে। ৮ দিন বন্ধের পর আগামী ৮ অক্টোবর শনিবার থেকে পুনরায় বন্দরে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ব্যতিত বন্দরের অনন্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি বদিউজ্জামান বলেন, দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.