Sylhet Today 24 PRINT

ভারী বর্ষণের সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০২২

দেশের বিভিন্ন এলাকায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী ধরনের ভারী বর্ষণও হতে পারে। এছাড়া আগামী তিন দিন পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় সবচেয়ে বেশি ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া চুয়াডাঙ্গায় ১১, টাঙ্গাইল ও সীতাকুণ্ডে ৭  মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের অনেক জায়গায়; রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

নির্ধারিত এই সময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাঙ্গামাটি ৩৫.৪, ভোলায় ৩৫.৩, রাজশাহীতে ৩৫.১, ফরিদপুর, চুয়াডাঙ্গা, নেত্রকোনা, ফেনী, মোংলা ও তাড়াশে ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.