Sylhet Today 24 PRINT

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০২২

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এর আগে ৪৪টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেছিল ইসি। এরপর উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন বাদে সবাই ভোট বর্জন করেন।

বুধবার (১২ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গাইবান্ধা-৫ আসনের ভোট পর্যবেক্ষণের মনিটরিং সেলে বসে নির্বাচনে ভোটগ্রহণ বন্ধের ঘোষণা দেন।

এর আগে সকাল ৮টা থেকে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ভোটগ্রহণ শুরু হয়। এবারই প্রথম ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আসনটি ভোট হচ্ছিল।

নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ সদস্য ও ১২ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ভোটের মাঠে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৯টি টিম, চার প্লাটুন বিজিবি ও পাঁচটি সাদা পোশাকের স্ট্রাইকিং ফোর্স দায়িত্বে রয়েছে। তা ছাড়া ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে আছেন। এ ছাড়া ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরার আওতায় থাকছে সবগুলো ভোটকেন্দ্র।

গাইবান্ধা-৫ আসনটি ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার ৭টিসহ মোট ১৭টি ইউনিয়ন মিলে ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৫৮৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ১৬০ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.