Sylhet Today 24 PRINT

রংপুরে সাংবাদিককে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখলো দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০১৫

রংপুরে মশিউর রহমান উৎস (২৮) নামে এক সাংবাদিককে হত্যা করে মৃতদেহ গাছে ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। উৎস রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো'র স্টাফ রিপোর্টার। তিনি সদর উপজেলার আলমনগর স্টেশনপাড়ার শামসুল হুদা মণ্ডলের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কাজ শেষে অফিস থেকে বের হন উৎস। রাতে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে ধান গবেষণা ইনস্টিটিউটের কাছে তার লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, মশিউর রহমান উৎসের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ গাছে বাঁধা অবস্থায় মসিউরের লাশ উদ্ধার করেছে। নিহত মসিউরের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। পরিবার এ ব্যাপারে থানায় মামলা করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.