Sylhet Today 24 PRINT

হোসনি দালান আর মিরপুরের গ্রেনেড একই রকম

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০১৫

মিরপুরে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা বিস্ফোরকের সঙ্গে সম্প্রতি পুরান ঢাকায় শিয়াদের তাজিয়া মিছিলে হামলার পর ঐতিহ্যবাহী হোসনি দালান থেকে উদ্ধারকৃত গ্রেনেডের মিল রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) অভিযান চলাকালে গণমাধ্যমে ব্রিফ করার সময় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘হোসনি দালান থেকে যে গ্রেনেড উদ্ধার করা হয়েছিল অনেকটা সেরকমই গ্রেনেড উদ্ধার করা হয়েছে। আমাদের এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি। কয়েকজন জঙ্গি ভাড়াটিয়া ছদ্মবেশেও বাসা থেকে নেমে যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘বেশ কয়েকটি গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে তারা। আমরা এখনো আটককৃতদের জিজ্ঞাসাবাদের সুযোগ পাইনি। পরে সব জানানো হবে।’

গতকাল (বুধবার) একজন জঙ্গি সদস্যকে আটকের পর তার দেয়া তথ্য অনুযায়ী রাত থেকে অভিযানে নামে পুলিশ।

শাহ আলী থানাধীন মিরপুর ১ এর (রোড ৯, সেকশন এ) একটি ৬ তলা ভবনে রুদ্ধশ্বাস অভিযান চালায় পুলিশ। এলাকায় জঙ্গিরাও পাল্টা আক্রমন করে গ্রেনেড ছোঁড়ে। পাল্টা গুলি চালায় পুলিশ। সকাল ১১টার দিকে হাই প্রোফাইল এই অপারেশনে আনা পুলিশের স্পেশাল টিম সোয়াত, সাথে যোগ দেয় র‌্যাব।

অভিযানে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিনজন গুরুত্বপূর্ণ সদস্যসহ মোট সাতজনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.