Sylhet Today 24 PRINT

অস্ত্র মামলায় জামায়াত নেতার ১৭ বছরের কারাদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০২২

অস্ত্র মামলায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসেনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে জেলার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন।

মুয়াবিয়া হোসেন উপজেলার পৌরসভা এলাকার বাসিন্দা।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বাদশা বলেন, মামলায় দুটি ধারায় সাজা হয়েছে। সাজা যুগপৎভাবে চলবে। এ মামলায় যদি তিনি আগে হাজতবাস করেন তাহলে রায় থেকে সেই সময় বাদ যাবে। আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে থেকে মুয়াবিয়া হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক পৌরসভার সলেমানপুর এলাকা থেকে উদ্ধার করা হয় একটি পাইপগান, ৬ রাউন্ড গুলি।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১৬ সালের ২৫ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলার দুটি ধারায় ১০ ও ৭ বছর করে এ কারাদণ্ড দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.