সিলেটটুডে ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৫
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ সাত কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের পদোন্নতির প্রজ্ঞাপন হয়।
পদোন্নতি পাওয়া অন্য ছয় কর্মকর্তা হলেন- বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল অমূল্য ভূষণ বড়ুয়া, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ সাদিকুর রহমান, ডিআইজি মোহাম্মদ নাজিবুর রহমান, পুলিশ সদরদপ্তরের মো. মইনুর রহমান ও মোহাম্মদ আবুল কাসেম এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিদ্দিকুর রহমান।
আইজিপি এ কে এম শহীদুল হক, সিআইডির প্রধান শেখ হিমায়েত হোসেন, অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরে এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক-ব্যাজ পরিয়ে দেন।