Sylhet Today 24 PRINT

সেতুতে লঞ্চের ধাক্কা, ৩ জনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০২২

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শাইখ্যা সেতুর সঙ্গে ধাক্কা লেগে ঢাকা-ডামুড্যাগামী যাত্রীবাহী লঞ্চ স্বর্ণদ্বীপের তিন যাত্রী মারা গেছেন। রোববার ভোর রাত সাড়ে ৪টার দিকে জয়ন্তিয়া নদীতেএ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার কোদালপুর সরদার পাড়া এলাকার শাহআলি মোল্লার ছেলে মো. তানজি (২৩), টাঙ্গাইল সদর উপজেলার দাইনাবঘিল এলাকার নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহমেদ (২৫) ও জামালপুর দিঘলি সোনাটিয়া রগুনাথপুর এলাকার বোরহান আলীর ছেলে সাগর আলী (২৩)।

এ সময় হিরা (২৩) ও সাগর রাড়ী (২৩) নামে দু’জন গুরুতর আহত হয়েছেন। লঞ্চের যাত্রীরা আহতদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হিরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও লঞ্চ যাত্রীরা জানায়, গোসাইরহাট উপজেলার মেঘনা শাখা নদী জয়ন্তিয়ার মাইজারা এলাকায় ঢাকা থেকে গোসাইরহাট পট্রি লঞ্চ ঘাটের উদ্দেশে ছেড়ে আসা 'স্বর্ণদ্বীপ প্লাস' লঞ্চটি ভোর সাড়ে ৪টার দিকে শাইখ্যা ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে।

এসময় লঞ্চের ছাদে থাকা লোহার পানির টাংকি দোতলার ছাদে ছিটকে পড়ে যাত্রীদের ওপর। ঘটনাস্থলেই তানজি নিহত হয়। শাকিল, সাগর আলী, হিরা ও সাগর রাড়ী আহত হন। লঞ্চ যাত্রীরা তাদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিল ও সাগর আলীকে মৃত ঘোষণা করেন।

আহত সাগর রাড়ী বলেন, লঞ্চের দোতলার ছাদে আমরা শুয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হলো, তারপার কী হয়েছে বলতে পারছি না। পরে দেখি হাসপাতালে আছি।

গোসাইরহাট থানার এসআই মো. মতিউর রহমান বলেন, সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কায় তিনজন নিহত ও দুই জন আহত হয়েছেন। এ ঘটনায় লঞ্চ যাত্রীরা চালক ও তার সহযোগীকে মারধরের প্রস্তুতির সময় আমরা গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসি।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির বলেন, দুর্ঘটনায় নিতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.