সিলেটটুডে ডেস্ক | ২৩ অক্টোবর, ২০২২
রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে মো. শাহাদাত হোসেন মজুমদার (৫১) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ শাহাদাতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
শাহাদাত পেশায় মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি কলাবাগান এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরে।
ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, শাহাদাত হোসেন মজুমদার পেশায় মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন।
জানা গেছে, প্রতিদিনের মতো রাতে তিনি ধানমন্ডি লেকে হাঁটতে আসেন। শনিবার রাতে তার পরিবার তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি।
শাহাদাতের শরীরে চারটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।