Sylhet Today 24 PRINT

ডিএমপির নতুন কমিশনার গোলাম ফারুক

সিলেটটুডে ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০২২

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর খন্দকার গোলাম ফারুক। রোববার (২৩ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

এতে জানানো হয়, ডিএমপির কমিশনার করা হয়েছে খন্দকার গোলাম ফারুককে। বর্তমান কমিশনার মোহা. শফিকুল ইসলামের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হচ্ছে ৩০ অক্টোবর। তার স্থলাভিষিক্ত হবেন তিনি।

পুলিশের ১২তম ব্যাচের বিসিএস কর্মকর্তা খন্দকার গোলাম ফারুকের বাড়ি টাঙ্গাইলে। ১৯৬৪ সালে জেলার ভূঞাপুরের ঘাটানদি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

পেশাগত জীবনে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ঝালকাঠি ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন এই কর্মকর্তা।

২০২০ সালের ৯ নভেম্বর তাকে অতিরিক্ত আইজিপি গ্রেড-২ পদে পদায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ১৯ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডিএমপি কমিশনার মোহা. শফিকুলের অবসরের বিষয়টি জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.