Sylhet Today 24 PRINT

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে তিনজনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক: |  ২৪ অক্টোবর, ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে ভোলার দৌলতখানে ঘরচাপায় এক বৃদ্ধা ও চরফ্যাশনের শশিভূষণে গাছচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।

ভোলায় মৃতরা হলেন দৌলতখান উপজেলার পৌর ৫ নম্বর ওয়ার্ডের ৮০ বছর বয়সী বিবি খাদিজা ও শশিভূষণ থানার চেয়ারম্যান বাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী ৩০ বছরের মনিরুল ইসলাম।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘরচাপায় নারীর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

অন্যদিকে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সিত্রাং-এর প্রভাবে গাছচাপায় যুবকের মত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বেলা ১২টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে পল্লি সঞ্চয় ব্যাংকের কাছে গাছের ডাল ভেঙে পড়ে মর্জিনা বেগম নামের একজন মারা যান। ।

তিনি লোহাগড়া পৌর এলাকার রাজুপুর গ্রামের আব্দুল গফফারের বাড়িতে ভাড়া থাকতেন; গৃহকর্মী হিসেবে বিভিন্ন বাড়িতে কাজ করতেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন জানান, অন্যান্য দিনের মতোই মর্জিনা কাজে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। পল্লি সঞ্চয় ব্যাংকের কাছে পৌঁছালে একটি মেহগনিগাছের ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.