সিলেটটুডে ডেস্ক | ২৫ অক্টোবর, ২০২২
চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে উড্ডয়ন এবং অবতরণ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক জানিয়েছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম; কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের উড্ডয়ন কার্যক্রম মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে চালু করা হয়েছে।
এর আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সোমবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে উড্ডয়ন কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেবিচক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আবহাওয়া পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সম্ভাব্য প্রভাবের বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ থাকবে। বন্ধের আদেশটি ২৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
এদিকে সিত্রাংয়ের প্রভাবে গতকাল বাংলাদেশ বিমানের কক্সবাজার ও চট্টগ্রাম রুটের ১০টি ফ্লাইট পরিবর্তন হয়। এছাড়া শারজাহ, আবুধাবি, দুবাই ও মাস্কাট রুটের ফ্লাইটের সময়সূচিও পরিবর্তন হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২৮টি এবং নভোএয়ারের ২২টি ফ্লাইট বাতিল হয়।