Sylhet Today 24 PRINT

ক্রিকেটের পর ফুটবল প্রশাসনে সৌরভ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০২২

বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে আগেই বিদায় নিয়েছেন সৌরভ। জল্পনা থাকলেও একইসঙ্গে শেষ হয়ে যায় এবারের মতো তার আইসিসির দৌড়ও। চলতি সপ্তাহে সিএবি'র নির্বাচনী লড়াই থেকেও সরে দাঁড়িয়েছেন সৌরভ। আপাতত ক্রিকেট প্রশাসনে দেখা যাবে না সৌরভ গাঙ্গুলীকে। তবে দিওয়ালির সন্ধ্যায় সুখবর দিলেন 'দাদা'। জানিয়ে দিলেন, ফুটবল প্রশাসনে কামব্যাক করছেন তিনি।

সৌরভ গাঙ্গুলীর ফুটবল প্রেম কারও অজানা নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসনে আসার আগে এটিকে মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টরেও ছিলেন সৌরভ। স্বার্থের সংঘাত এড়াতেই এটিকে থেকে সরতে হয়। গতকাল নিজের লাল মার্সিডিজে করে মোহনবাগান ক্লাব তাঁবুতে যান বাংলার দাদা। ক্লাবে ঢুকেই সময় কাটান সচিব দেবাশীষ দত্তের ঘরে। বিকেল পাঁচটা থেকে অনুশীলন ছিল মোহনবাগান মাঠে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বুঝে নিতে চেষ্টা করলেন হুয়ান ফেরান্ডোর দলকে। তারপর সাংবাদিক বৈঠক করলেন দেবাশীষ এবং স্বপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে।

সেখানে সৌরভ জানান ডার্বির আগে তিনি এসেছেন মোহনবাগানের অনুশীলন দেখতে। সৌরভ বলেন, যখন শুধু এটিকে ছিল তখন থেকে আমি জড়িয়ে আছি। এটিকে মোহনবাগান হওয়ার পরেও আছি। ভবিষ্যতেও থাকব। এসময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, 'আমি ৯ বছর মোহনবাগানে খেলেছি। ফলে এটা আমার ঘরের মাঠ। এখানে আমার অনেক স্মৃতি আছে। ক্লাবের পরিবর্তন দেখে ভালো লাগছে। ক্লাবের সদস্যদের অভিনন্দন জানাই। আমি ডিরেক্টর হিসেবে খুব শীঘ্রই যোগ দেব।'

সৌরভকে প্রশ্ন করা হয়েছিল, শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাবের নামের আগে এটিকে প্রেফিক্স উঠবে কিনা। বা তিনি ডিরেক্টর হিসেবে যোগদান করলে এতে কোনও ভূমিকা পালন করবেন কিনা? এই প্রশ্নের উত্তরে সৌরভ পাশে বসা মোহনবাগান সচিবকে দেখিয়ে বলেন, 'এই ব্যাপারে দেবাশিষদা সিদ্ধান্ত নেবেন। দেবাশিষ দা, বাবুন রয়েছে ওরাই সিদ্ধান্ত নেবেন।'

সৌরভের কথা শেষ হতে না হতেই দেবাশিষ দত্ত বলেন, 'এই কথাতেই বোঝা যাচ্ছে আমাদের ওপর সৌরভের কতটা আস্থা রয়েছে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.