Sylhet Today 24 PRINT

যে যা পারো খাবার উৎপাদন বাড়াও: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০২২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব উন্নত দেশগুলোর অর্থনীতিতেও পড়েছে জানিয়ে আসন্ন খাদ্য ঘাটতি মোকাবিলায় দেশবাসীকে উৎপাদন বাড়ানোয় জোর দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সঙ্গে মিতব্যয়ী ও সঞ্চয়ী হওয়ার আহ্বানও ছিল তার কণ্ঠে।

গণভবনের বুধবার সকালে ভোগ্যপণ্য আমদানি ও রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব আহ্বান জানান।

তিনি বলেন, ‘যখনই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধটা (শুরু) হলো, সারা বিশ্বে এটার একটা অর্থনীতিতে আঘাতটা আসল, কিন্তু শুধু আমাদের ওপরে না, পুরা ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড থেকে শুরু করে ডেভেলপড কান্ট্রির ওপরেও এটার প্রভাবটা অনেক ব্যাপকভাবে পড়ল, যার জন্য আমি ইতিমধ্যে আমাদের সবাইকে বলছি, যার যেখানে যতটুকু জমি আছে, যে যা পারো নিজের খাবার উৎপাদন বাড়াও।’

জনগণের জন্য কাজ করতে এসেছেন উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘সেখানে আমরা মানুষকে বলেছি, যে যা পারো, উৎপাদন করো; উৎপাদন করে নিজেরটা নিজে ব্যবস্থা করো, সঞ্চয় করো, সাশ্রয়ী হও।’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মুখ্য সচিব আহমদ কায়কাউসের পাশাপাশি ভোগ্যপণ্য আমদানি ও রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের অনেকেই বৈঠকে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.