Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা ক্যাম্পে আবারও গুলি, নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০২২

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফের সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোররাতে কুতুপালং ১৭ নম্বর ক্যাম্পের সি ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে। এর আগে গতকাল নিহত হয়েছিলেন এক রোহিঙ্গা।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মার্ড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি চৌধুরী হারুনর রশীদ সকালে জানান, ১৫-২০ জনের একদল সন্ত্রাসী ১৭ নম্বর ক্যাম্পের সি ব্লকে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সি ব্লকের বাসিন্দা  কেফায়েত উল্লাহর পুত্র আয়াত উল্লাহ এবং মোহাম্মদ কাসিমের পুত্র ইয়াছিনকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে দা দিয়ে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয় এবং আয়াত উল্লাহকে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন,  আধিপত্য বিস্তারের জন্য সশস্ত্র রোহিঙ্গারা এ ঘটনা ঘটিয়েছে। এর আগে গতকাল বুধবার  ভোরে ১০ নম্বর ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হন। চলতি মাসে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুজন মাঝি, এক শিশুসহ সাত রোহিঙ্গা নিহত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.