Sylhet Today 24 PRINT

দেশে প্রথমবারের মতো সরকারিভাবে পালিত হচ্ছে শিক্ষক দিবস

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০২২

দেশে প্রথমবারের মতো সরকারিভাবে আজ পালিত হচ্ছে শিক্ষক দিবস। ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার রূপান্তর শুরু’ প্রতিপাদ্য নিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশের সব জেলা ও উপজেলায় পালিত হচ্ছে দিবসটি। এর আগে গত ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব শিক্ষক দিবস’।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় রাজধানী ঢাকাসহ সারা দেশের সব জেলা ও উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষক দিবস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এছাড়া উপস্থিত রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

দিবসটি পালনে ঢাকা মহানগরের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীর সই করা নির্দেশনায় বলা হয়, দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নিতে প্রতিটি সরকারি-বেসরকারি কলেজ, সরকারি মাধ্যমিক ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রতিষ্ঠান প্রধানসহ ১০ জন করে শিক্ষক সকাল ৮টায় ভেন্যুতে উপস্থিত হয়ে শোভাযাত্রা কিট ব্যাগ সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।

শিক্ষক দিবসের অনুষ্ঠান সফল করতে অন্য একটি আদেশে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ২০ জন করে রোভার্স স্কাউট/গার্লস গাইড এবং বিএনসিসি সদস্যকে ওই দিন সকাল সাড়ে ৭টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে পাঠানোর নির্দেশনা দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.