Sylhet Today 24 PRINT

বিয়ে বাড়ির গেট নিয়ে সংঘর্ষের মামলায় ৭৭ জন কারাগারে

সিলেটটুডে ডেস্ক: |  ০১ নভেম্বর, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়েবাড়ির গেট বানানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ ও দোকানপাট ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ৭৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সামিউল আলম তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার কৃষ্ণনহর ইউনিয়নের সীতারামপুর গ্রামের বিয়ে বাড়ির গেটের ডিজাইনকে কেন্দ্র করে গত ১৬ আগস্ট দৌলতপুর ও সীতারামপুর গ্রামের লোকজনদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান বাদী হয়ে ১২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০০ জনের বিরুদ্ধে মামলা করেন।

ব্রাহ্মণবাড়িয়া আদালত পুলিশের পরিদর্শক (ওসি) কাজী দিদারুল আলম জানান, মামলার ১০৪ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে ২৭ জনের জামিন মঞ্জুর করে বাকি ৭৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.