Sylhet Today 24 PRINT

চলতি মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

সিলেটটুডে ডেস্ক |  ০২ নভেম্বর, ২০২২

নভেম্বর মাসে বঙ্গোপসাগরে এক বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১ নভেম্বর) দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

এতে আরও বলা হয়েছে, চলতি মাসে দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া এ মাসে দেশের প্রধান নদ-নদীর প্রবাহ স্বাভাবিক থাকতে পারে।

বঙ্গোপসাগরের নতুন করে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘ম্যান্দোস'। এ নামটি সংযুক্ত আরব আমিরাতের দেওয়া।

অক্টোবরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের উপকূল অতিক্রম করে। এতে মোট ৩৩ জন মারা যাওয়ার খবর পাওয়া যায়। এছাড়া উপকূলীয় এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.