Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: সেই স্মৃতির জামিন স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ০২ নভেম্বর, ২০২২

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের উন্নয়ন ও প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় রাজবাড়ী সদর উপজেলার সোনিয়া আক্তার স্মৃতিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (২ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিমেন নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ। অপরদিকে স্মৃতির পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্টের জেরে রাজবাড়ীর মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সামসুল আরেফিন চৌধুরী রাজবাড়ী সদর থানায় অভিযোগ করেন। তার সেই অভিযোগের ভিত্তিতে গত ৪ অক্টোবর রাতে স্মৃতিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেন। এরপর তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান।

গত ৩১ অক্টোবর সোনিয়া আক্তার স্মৃতিকে জামিন দেন হাইকোর্ট। তার জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি সাহেদ নূর উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জানা যায়, সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী জেলা মহিলা দলের একজন কর্মী ও ‘রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী খোকন আহমেদ সৌদি প্রবাসী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.