সিলেটটুডে ডেস্ক | ০২ নভেম্বর, ২০২২
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বিশ্বরেকর্ড গড়েছেন বিরাট কোহলি। বিশ্বরেকর্ড গড়তে বিরাট কোহলির প্রয়োজন ছিল মোটে ১৬ রান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকে বিশ্বরেকর্ড গড়ার মঞ্চ হিসেবে বেছে নিলেন ভারতীয় এই তারকা। অ্যাডিলেইড ওভালে বাংলাদেশের বিপক্ষে ১৬ রান করার মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান করার কীর্তি গড়লেন কোহলি।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে কোহলির মোট রান ছিল ১০০১। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ রানের মালিক ছিলেন শ্রীলঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে। তার রান ছিল ১০১৬।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দলীয় সপ্তম ওভারে তাসকিনের বলে সিঙ্গেল নেওয়ার মধ্য দিয়ে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন কোহলি। বিশ্বকাপের মঞ্চে ২৫ ম্যাচে এই রেকর্ড গড়লেন কোহলি। অথচ জয়াবর্ধনে খেলেছেন ৩১ ম্যাচে ৩১ ইনিংস।
বাংলাদেশের বিপক্ষে এ ম্যাচটিতে ৪৪ বলে ৮টি চার ও ১টি ছয় হাঁকিয়ে ৬৪ রানে অপরাজিত ছিলেন কোহলি। ফলে এই ফরম্যাটের বিশ্বকাপে কোহলির মোট রান এখন ১০৬৫। এবারের আসরেও ৪ ম্যাচে ৩ ফিফটিতে ২২০ রান করে ফেলেছেন কোহলি।