Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে এখনই মন্তব্য করতে রাজি নন সিইসি

সিলেটটুডে ডেস্ক: |  ০২ নভেম্বর, ২০২২

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা এ বিষয়ে এখনই মন্তব্য করতে রাজি নন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বুধবার নির্বাচন কমিশনের সিসিটিভি মনিটরিং সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সময় এলে আইনানুগভাবে পরীক্ষা করে দেখা হবে।’

খালেদা জিয়ার আইনজীবী বলেছেন, তিনি আগামী নির্বাচনে অংশ নেবেন। তাঁর নির্বাচনের কোনো সুযোগ আছে কিনা- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর এখন দেব না। এটা যখন হবে দেখা যাবে। সব কিছু আইন অনুযায়ী হবে। এখন আগাম কোনো কথা বলতে পারব না।’

সিইসি বলেন, ‘এ বিষয়ে আমরা কিছুই জানি না। এটা নিয়ে মন্তব্য করতে চাই না। আইনের কিছু কাঠামো আছে। কেউ ভোট করতে চাইলে ওই কাঠামোর মধ্যে হতে হবে। কাজেই এই বিষয়ে কোন মন্তব্য করব না। তিনি (খালেদা জিয়া) আদৌ নির্বাচনে দাড়াঁলে সেটা আইনানুগভাবে পরীক্ষা করে দেখব। অগ্রিম কিছু বলার নেই। সময় আসুক সব খতিয়ে দেখব। তখন সব জানাব। এখন এত আগে কোনো কথা বলা ঠিক নয়।’

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রার্থিতা বাছাইয়ে তার সবগুলোই বাতিল হয়েছিল। পরে আপিল করলেও তা টেকেনি।

এদিকে সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘কমিশনের তরফ থেকে বিদেশি পর্যবেক্ষকদের উদারভাবে স্বাগত জানানো হবে। কিন্তু এর সাথে একটি বিষয় জড়িত আছে। নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহীদের ভিসা পেতে হবে। এর সাথে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণায়ের সংশ্লিষ্টতা রয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের সরকার স্বচ্ছ নির্বাচন চায়। সে ক্ষেত্রে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সহযোগিতা করবে।’

বুধবার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনগুলো কেমন হয়েছে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচন বেশ ভালোই হয়েছে। কোনো সহিংসতা, উচ্ছৃঙ্খলা বা রিগিং এ ধরনের কোনো দৃশ্য দেখিনি বা অভিযোগ এখনও পাইনি। নির্বাচন কেন্দ্র বা আশপাশেরর এলাকায় কোনো উচ্ছৃঙ্খলা দেখিনি। অত্যন্ত সুসৃঙ্খল ও সংযমের সঙ্গে ভোটারেরা ভোট দিয়েছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.