Sylhet Today 24 PRINT

পল্টনে বিচারপতি মানিকের ওপর হামলা

সিলেটটুডে ডেস্ক: |  ০৩ নভেম্বর, ২০২২

সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলা হয়েছে। আজ বুধবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় এ ঘটনা ঘটে।

নিজ গাড়িতে যাওয়ার পথে বিএনপির একটি মিছিল থেকে তাঁর ওপর হামলা করা হয় বলে তিনি অভিযোগ করেছেন। এ সময় গাড়ি ভাঙচুর ও তাঁর সঙ্গে থাকা সরকারি গানম্যানের ওপরও হামলা হয়।

বিচারপতি মানিক বলেন, ‘ফকিরাপুল মোড়ে আমার ওপর অতর্কিত হামলা করা হয় বিএনপির মিছিল থেকে। আমার গাড়িও ভাঙচুর করা হয়েছে এবং দুর্বৃত্তরা আমাকে কপালে-নাকে মুখে, গাড়ির ড্রাইভার ও গানম্যানকে কিল-ঘুষিসহ মারধরও করেছে।’ প্রাথমিক চিকিৎসা নিতে রাতেই ল্যাবএইড হাসপাতালে যান তিনি।

পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত উপ কমিশনার এনামুল হক মিঠু বলেন, ‘সাবেক বিচারপতি কোনো একটি টকশোতে যোগ দিতে যাচ্ছিলেন। পথে পল্টন থানার কাছে একদল লোক তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি ও তাঁর গানম্যান আহত হয়েছেন। ঘটনাস্থলের অদূরে বিএনপির একটি সমাবেশ চলছিল। তাঁর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।’

বিচারপতি মানিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

সংগঠনের সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল বিবৃতিতে হামলাকারীদের অবিলম্ব্বে গ্রেপ্তারের দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.