Sylhet Today 24 PRINT

বিচারপতি মানিকের ওপর হামলা: বিএনপি ও ছাত্রদলের ১১ নেতা-কর্মী রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক: |  ০৩ নভেম্বর, ২০২২

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় বিএনপির ১১ নেতাকর্মীকে দুই দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন।

আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মনজুরুল হাসান খান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খান, কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য রবিন খান, বিএনপি নেতা মো. সাগর, জসীম উদ্দীন ভূঁইয়া, হারুন অর রশিদ, মতিউর রহমান, শামীম রহমান, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও আবু তাহের।

এদিকে, হামলায় আহত হয়ে বুধবার রাতেই বিচারপতি মানিক চিকিৎসকদের পরামর্শে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। তিনি জানিয়েছেন, হামলার কারণে তাঁর মাথায় অনেক ব্যথা করছে। ইতোমধ্যে এমআরআই করা হয়েছে।

বুধবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে যাওয়ার পথে মিছিল থেকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় তাঁর দেহরক্ষী রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন। মামলায় বিএনপির ৪০-৫০ জন নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.