সিলেটটুডে ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৫
চাঁদ দেখার ভিত্তিতে বাংলাদেশেসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে ১২ রবিউল আওয়াল শুক্রবার ইংরেজি ক্যালেন্ডাডারের ২৫ ডিসেম্বর পড়ে যাওয়ায় ক্রিস্টমাস ডে বা বড়দিন ও ঈদ-ই মিলাদুন্নবী এবার একই দিনে পালিত হচ্ছে। পৃথিবীর যেকোন প্রান্তে এমন ঘটনা ঘটেছিল ৪৫৭ বছর আগে ১৫৫৮ সালে।
বর্ষচক্রের পরিক্রমায় বাংলাদেশসহ এশিয়ার কয়েকটি দেশে ২০১৫ সালে ২৫ ডিসেম্বর বড়দিন ও ঈদ-ই মিলাদুন্নবী এক সঙ্গে পালন করছে দুই ধর্মের মানুষ। তবে আরব ও ইউরোপে বড়দিনের একদিন আগেই ঈদ-ই মিলাদুন্নবী পালিত হয়েছে।
যিশু খ্রিস্টের জন্মদিন ২৫ ডিসেম্বরকে বড়দিন বা ক্রিস্টমাস ডে হিসাবে পালন করেন সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়। তিনি ইসলামে ধর্মে হযরত ঈসা (আ.) নামে পরিচিত।
হিজরি সালের রবিউল আওয়াল মাসের ১২ তারিখ (৫৭০ খ্রিস্টাব্দ) হযরত মুহাম্মদ (স.) এর জন্মদিন ঈদ-ই মিলাদুন্নবী হিসেবে পালিত হয় সারা বিশ্বের মুসলিমদের কাছে। ৬২ বছর বয়সে একই তারিখে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন তিনি।
ক্যাথলিক কালচার ডট অর্গ নামের একটি ওয়েবসাইটে সূত্র জানা গেছে, ইসলাম ও খৃষ্টান ধর্মের প্রবর্তকের জন্মদিন এভাবে একসঙ্গে পালিত হয়েছিল সর্বশেষ ১৫৫৮ সালে।
আরব ভূমির সেমিটিক জাতির মধ্যে থেকেই বিশ্বের প্রধান তিনটি একেশ্বরবাদী ধর্ম- ইহুদি, খ্রিস্টান ও ইসলামের উৎপত্তি।
এই দিনটিকে আন্তঃধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ হতে পারে বলে মনে করছেন অনেক। দুই ধর্মেরই চিন্তাবিদরা মনে করছেন ধর্মকে কেন্দ্র করে বিশ্বব্যাপী অশান্তি আর উগ্রবাদের বিপরীতে সম্প্রীতির এমন মেলবন্ধনই পারে সব অশুভকে তাড়িয়ে শান্তির বার্তা ছড়াতে।