Sylhet Today 24 PRINT

রন্ধনশিল্পী টমি মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০২২

প্রতারণার অভিযোগে ব্রিটিশ বাংলাদেশি তারকা রন্ধনশিল্পী টমি মিয়া ও তার প্রতিষ্ঠান টমি মিয়া'স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) এ মামলায় সমন জারি হয়ে ফেরত আসার জন্য দিন ধার্য ছিল। এদিন সমন জারি হয়ে ফেরত আসায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহেমদ শুনানি শেষে এ আদেশ দেন।

বুধবার বাদীপক্ষের আইনজীবী মো. রুবেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৬ জুন মামলাটি করেন প্রতিষ্ঠানটির সাবেক মার্কেটিং উপদেষ্টা এস এম আলী জাকের।

মামলার অভিযোগে বলা হয়, আলী জাকের ২০২১ সালের ২৯ ডিসেম্বর টমি মিয়া'স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে চুক্তিভিত্তিক মার্কেটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল মোট চার মাস কাজও করেন। চুক্তি অনুযায়ী ৪ লাখ ২৮ হাজার টাকা পাওনা হলেও অভিযুক্তরা কোনো টাকা পরিশোধ করেননি।

মামলার অভিযোগে আরও আলা হয়, গত ২৯ মার্চ বাদী টাকা চাইলে আসামিরা তার প্রাণনাশের হুমকি দেন। সেদিনই তিনি বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এজাহারে বলা হয়, টাকা চেয়ে গত ১ জুন আসামিদের লিগ্যাল নোটিশ পাঠান আলী জাকের। এরপর আসামিরা টাকা না দেওয়ায় বাদী মামলা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.