Sylhet Today 24 PRINT

ভোরে কুয়াশা পড়ার সম্ভাবনা

সিলেটটুডে ডেস্ক |  ১২ নভেম্বর, ২০২২

বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

শনিবার (১২ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সেখানে শীত পড়েছে। ভোর রাতে কুয়াশাও পড়ছে।

এ ছাড়াও আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  

পূর্বাভাসে আরও বলা হয়, শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর তামিলনাডু উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

ঢাকায় আজ উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১২ মিনিটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.