Sylhet Today 24 PRINT

বুড়িগঙ্গা থেকে নিখোঁজ আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০২২

নিখোঁজের পাঁচদিন পর নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে পাগলা ঘাট থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

উদ্ধারকৃত মরদেহটি কৃষি উদ্যোক্তা দুরন্ত বিপ্লবের। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটিরও সদস্য ছিলেন।

মরদেহ উদ্ধার ও পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লার পাগলা নৌ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহজাহান আলী। তিনি জানান, গতকাল শনিবার বিকেলে পাগলা ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাত ১২টার দিকে কেরানীগঞ্জ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন স্বজনরা। রাত ৩টায় নারায়ণগঞ্জ এসে মরদেহ শনাক্ত করেন তারা।

দুরন্ত বিপ্লব ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। মরদেহের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের মতামতের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পরিদর্শক শাহজাহান আলী।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শেখ ফরহাদ জানান, বেলা ১টার দিকে মরদেহের ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।

এর আগে, মরদেহ উদ্ধারের পর নৌ পুলিশের শাহজাহান আলী বলেছিলেন, অন্তত ৪৮ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। মরদেহ ফুলে চেহারা বিকৃত হয়ে গেছে। মাথায় লালচে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

স্বজনরা জানান, দুরন্ত বিপ্লবের কেরানীগঞ্জে  কৃষি খামার ছিল। গত ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাসায় যাবার পথে তিনি নিখোঁজ হন। নিখোঁজের আগে তার মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ছিল কামরাঙ্গীরচরের মুসলিমবাগ।

এ দিকে দুরন্ত বিপ্লবের ছোটবোন শাশ্বতী বিপ্লব তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, এমন মৃত্যু ভাইয়া ডিজার্ভ করে না। কোনদিন না। নারায়ণগঞ্জের পাগলাঘাটে কচুরিপানার ওপর এমন অসহায়ভাবে ভেসে থাকতে পারে না দুরন্ত বিপ্লব নামের কিংবদন্তীতুল্য ভাইটা আমার। সারাজীবন নিজের খেয়ালের রাজা ও। যারা ওকে চেনে, তারা জানে কী প্রবল আত্মসম্মানবোধ ছিল ওর। নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে আছে এখন।

তিনি আরও জানান, আজ রবিবার বাদ আছর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির মসজিদে দুরন্ত বিপ্লবের জানাজা অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.