Sylhet Today 24 PRINT

বাড়লো ছোলার দামও

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০২২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে দেশের বাজারে কোনো পণ্য নেই যার দাম বাড়েনি। সব পণ্যের দাম হু হু করে বেড়েছে। নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চিন্তার শেষ নেই। ছোলা রমজান মাস ছাড়া আর কোনো মাসে দাম বাড়ে না। কিন্তু প্রতিটি পণ্যের সাথে তাল মিলিয়ে অসময়েও ছোলার দাম বেড়েছে ২০ শতাংশ।

সরজমিনে বিভিন্ন বাজার ঘুরে দেখো গেছে, সপ্তাহের ব্যবধানে দেশের পাইকারি বাজারে ছোলার দাম প্রতি কেজি প্রায় ১০ টাকা বেড়ে ৭৪ থেকে ৭৫ টাকা বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৬৫ টাকা এবং এপ্রিল মাসে পণ্যটির দাম ছিল প্রতিকেজি ৬০ থেকে ৬২ টাকার মধ্যে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিআইবি)’র ভাষ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার ছোলার দাম প্রায় ৫০ ডলার বেড়েছে। এখন প্রতি টন ছোলা কিনতে ৫৩০ থেকে ৫৫০ মার্কিন ডলার পর্যন্ত গুণতে হচ্ছে। আমদানিকৃত ছোলা বিক্রি হয় দেশের বাজারে। গত এক মাসের ব্যবধানে ছোলার দাম ২০ শতাংশ বেড়েছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি ছোলা ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রাবাদ এলাকার মুদি দোকানদার ফরিদ তালুকদার বলেন, ‘ছোলার দাম যে এতো বাড়বে কল্পনাও করতে পারিনি। রমজান মাসে কিছুটা বাড়ে। সারাবছর শিথিল থাকে। কিন্তু রমজানের অনেক আগেই অস্থির বাজার আরও অস্থির করে তুলেছে ছোলা।

এলিফ্যান্ট রোড এলাকার ঝালমুড়ি বিক্রেতা নাজির উদ্দিন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ঝালমুড়ি বিক্রি করি। এতো বেশি ছোলার দাম বেড়েছে, আমার এই ছোট ব্যবসায় হিমশিম খাচ্ছি।’

পান্থপথ এলাকার ক্রেতা আলী আমজাদ বলেন, ‘বাজারের যন্ত্রণায় নিজেকে দিশেহারা লাগছে। আটা-ময়দা, চিনি, ছোলাসহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে মানুষকে আরও সমস্যার মধ্যে ফেলেছে।’

বলেন, ‘আমাদের দেশের ব্যবসায়ীদের কোনো মানবতা দেখতে পাচ্ছি না। এক টাকার পণ্য দুই টাকায় বিক্রি করে। একটু ইস্যু পেলেই ব্যবসায়ীরা নিজের মতো করে দাম বাড়িয়ে বেচাকেনা করতে থাকে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.