Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

নিজস্ব প্রতিবেদক |  ১৮ নভেম্বর, ২০২২

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসাথে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত এ সংস্থাটি।

শুকবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১৬ দশমিক ৭ ডিগ্রি, ময়মনসিংহে ১৬ দশমিক ৮ ডিগ্রি, চট্টগ্রামে ২০ ডিগ্রি, সিলেটে ১৮ দশমিক ২ ডিগ্রি, রংপুরে ১৮ দশমিক ৫ ডিগ্রি, খুলনায় ১৮ দশমিক ৬ ডিগ্রি এবং বরিশালে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গতকাল চট্টগ্রামে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বিরাজমান রয়েছে। এটি ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৬ মিনিটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.