Sylhet Today 24 PRINT

রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক |  ১৮ নভেম্বর, ২০২২

রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) রাজশাহী মহানগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বালক (অনূর্ধ্ব-১৭) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চাপাইনবাবগঞ্জ জেলা ও রানার আপ হয়েছে পাবনা জেলা। অন্যদিকে বালিকা (অনূর্ধ্ব-১৭) বালিকা ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ জেলা ও রানার আপ হয়েছে নওগাঁ জেলা।

খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে রাসিক মেয়র লিটন বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন ভালো খেলোয়াড় তৈরি করতে ভুমিকা রাখছে। বাংলাদেশ নারী ফুটবল দল ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটে নজর দিয়েছিলেন। ক্রিকেটে আমরা আন্তর্তাজিক অঙ্গনে অনেক দূর এগিয়েছি। ফুটবলের ক্ষেত্রে আমাদের অনেক এগিয়ে যেতে হবে।

রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জিয়াউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি সাইফুল ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.