Sylhet Today 24 PRINT

গাজীপুরে দুপুর ১টায় শুরু হবে আ’ লীগের সম্মেলন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০২২

গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ শনিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। জয়দেবপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ীর বিশাল মাঠে দুপুর ১টায় শুরু হবে এ সম্মেলন।

এ সম্মেলন ঘিরে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে গাজীপুর ও টঙ্গীর আওয়ামী পরিবারে। আজকের সম্মেলনে সভাপতি ও সম্পাদকে কার কার নাম ঘোষণা করা হবে। তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে গাজীপুরের সর্বমহলে। পদ প্রত্যাশী ও তাদের সমর্থকদের পোস্টার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে পথঘাট-অলিগলি।

সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে রাজবাড়ী মাঠে সুবিশাল আকৃতির মঞ্চ তৈরি করা হয়েছে। সম্মেলনে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় কয়েকজন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

২০১৩ সালের ১৬ জানুয়ারি গাজীপুর সিটি কর্পোরেশন সৃষ্টি হলেও মহানগরীর মর্যাদা পায় ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠার পর থেকে। বর্তমানে ৮টি মেট্রোপলিটন থানা এলাকা নিয়ে এই মহানগরীর রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড শুরু হয় বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২০১৫ সালের গঠিত কমিটির কর্মকাণ্ডের মাধ্যমে।

৭ বছর আগে মহানগর আওয়ামী লীগের প্রথম কমিটির সভাপতি হিসেবে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়। পরে প্রায় দুই বছর পর ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং ২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সম্পর্কে বিরূপ মন্তব্যের কারণে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

জানা যায়, বর্তমান মহানগর কমিটির সম্মেলনকে ঘিরে নতুন করে দলের নেতা কর্মীদের মধ্যে আবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে শহিদ আহসান উল্লাহ মাস্টারের সন্তান বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলকে মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্বাচিত করার পর থেকে। প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ইতোমধ্যে এলাকায় আওয়ামী লীগকে সংগঠিত করতে গত কয়েকদিন তৃণমূল পর্যায় থেকে শুরু করে থানা ও মহানগরের সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে দফায় দফায় সভা-সমাবেশ করছেন।

নেতা কর্মীরা জানান, শ্রমিক নেতা শহিদ আহসান উল্লাহ মাস্টারের কর্ম ও গুণের কারণে আওয়ামী পরিবারের সাংগঠনিক ঐক্যের যে ঐতিহ্য ছিল তা আবার ফিরে এসেছে সম্মেলনকে ঘিরে। তাই আওয়ামী পরিবারে সুশৃঙ্খলতা এবং সাংগঠনিক ঐক্য ধরে রাখার জন্য কমিটিতে জাহিদ আহসান রাসেল এমপি এবং শহিদ আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই সাংগঠনিক কর্মী বান্ধব নেতা বর্তমান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির কোন বিকল্প নেই। তাই মতিউর রহমান মতিকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায়।

অন্যদিকে সভাপতি পদে কমিটিতে তিনজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। সভাপতি পদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি সভাপতি পদ চান না বলে সবাইকে জানিয়ে দিয়েছেন।

দলের নেতাকর্মীরা জানান, সভাপতি পদে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও বীর মুক্তিযোদ্ধা কাজী আলিমউদ্দিন বুদ্দিনই সাংগঠনিকভাবে ত্যাগী ও সিনিয়র। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান একক প্রার্থী হিসেবে অনেকটা নিশ্চিত। তাই তাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের কোন একটি গুরুত্বপূর্ণ পদ দিয়ে বীর মুক্তিযোদ্ধা কাজী আলিমউদ্দিন বুদ্দিনকে সভাপতি ও মতিউর রহমান মতিকে সাধারণ সম্পাদক করা হলে গাজীপুর মহানগর আওয়ামী লীগ সাংগঠনিকভাবে খুবই শক্তিশালী হবে।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি বলেন, সম্মেলন সফল করার জন্য সবধরণের প্রস্তুতি চলছে। সম্মেলনটি মহাসম্মেলনে রূপান্তরিত হয়ে রাজবাড়ী মাঠ যেন লোকে লোকারণ্য হয় এর জন্য আমরা কাজ করছি। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

তিনি বলেন, আগামী দিনে নির্বাচন ও সামনের রাজপথের আন্দোলন সংগ্রামকে সামনে রেখে বিএনপিসহ বিরোধী দলকে মোকাবিলা করার জন্য আওয়ামী লীগের গাজীপুর মহানগর সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.