সিলেটটুডে ডেস্ক | ১৯ নভেম্বর, ২০২২
গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনটি মহানগর আওয়ামী লীগের হলেও এতে যোগ দিয়েছেন জেলার প্রতিটি উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন শুরুর আগেই কানায় কানায় পূর্ণ সম্মেলনস্থল। নেতাকর্মীদের মধ্যে সাজ সাজ রব, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তারা বলছেন, সম্মেলন আরও গতিশীল করবে সাংগঠনিক কার্যক্রম। ভবিষ্যতে বিরোধীদের যেকোনো অপতৎপরতার জবাব দেয়া হবে রাজপথে।
সম্মেলনে আসা নেতাকর্মীদের বেশির ভাগই সবুজ, হলুদসহ বিভিন্ন রঙের টি–শার্ট আর ক্যাপ পরে এসেছেন। ঢাকের বাদ্যে, বর্ণিল সাজে যাচ্ছে একের পর এক মিছিল। উপলক্ষ গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।
গাজীপুর সিটি করপোরেশন গঠিত হওয়ার পর মহানগর আওয়ামী লীগ শাখার এটিই প্রথম কোনো সম্মেলন। নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য তাই চোখে পড়ার মতো। প্রত্যাশা, সম্মেলনের মাধ্যমে সংগঠন হবে আরও গতিশীল।
নেতাকর্মীরা বলেন, একটি সুন্দর সাংগঠনিক কাঠামো তৈরি হবে গাজীপুরে, আসবে নতুন নেতৃত্ব। সম্মেলন থেকে সুন্দর কমিটি বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করছি। শেখ হাসিনার যে উন্নয়ন চলছে, সেটা ধারাবাহিকভাবে ধরে রাখার প্রত্যাশা থাকবে আমাদের।
নতুন কমিটির নেতৃত্বে ভবিষ্যতে বিরোধীদের যেকোনো অপচেষ্টা মোকাবিলায় মাঠে থাকার পাশাপাশি ভোটযুদ্ধে সক্রিয় থাকার প্রত্যয় জানান তৃণমূল কর্মীরা।
নেতারা আরও বলেন, গাজীপুর থেকে আগামীর যে বাংলাদেশ, সেটি আবার সুপ্রতিষ্ঠিত হবে। বিএনপি-জামায়াত যে ধ্বংসাত্ম কর্মসূচি করছে, সেটার বিরুদ্ধে নতুন নেতৃত্ব কার্যকার ভূমিকা রাখবে।
এদিকে, দলের নেতারা বলছেন, প্রতিপক্ষ রাজনৈতিক দলের যেকোনো বিভাগীয় মহাসমাবেশের জবাবে ক্ষমতাসীনদের মহানগর ইউনিটের সম্মেলনই যথেষ্ট।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান বলেন, সকাল থেকে এখানে জনস্রোত।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘এই সম্মেলনটি আজ জনসভা বা মহাসমাবেশে পরিণত হয়েছে। স্বাধীনতাবিরোধী শক্তিরা আজ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। নির্বাচন এলেই তারা একটা অপচেষ্টা চালায়, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তাই এটার বিরুদ্ধে আজকের এই সম্মেলন প্রতিবাদ জানাবে।’
এর আগে সবশেষ ২০১৫ সালে গঠিত হয় গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটি।