Sylhet Today 24 PRINT

জঙ্গি সংশ্লিষ্টতা: রিমান্ড শেষে কারাগারে জামায়াত আমিরের ছেলেসহ দুজন

সিলেটটুডে ডেস্ক: |  ১৯ নভেম্বর, ২০২২

রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় তৃতীয় দফায় রিমান্ড শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহসহ দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার ঢাকা মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালত এ আদেশ দেন। মামলার অন্য আসামি হলেন আরিফ ফাহিম সিদ্দিকী।

এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৭ নভেম্বর আদালত তৃতীয় দফায় তাদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ৯ নভেম্বর কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাদের গ্রেপ্তার করে।

পরদিন ১০ নভেম্বর আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। প্রথম দফার রিমান্ড শেষে গত ১৪ নভেম্বর তাদের ফের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, রাফাত সাদিক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের শীর্ষ পর্যায়ের নেতা। তিনি দীর্ঘদিন ধরে সেখানে জিহাদি দাওয়াতের কার্যক্রম চালিয়ে আসছেন। রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার হওয়া তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদে রাফাতের নাম বেরিয়ে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.