Sylhet Today 24 PRINT

মসজিদে বিস্ফোরণ আত্মঘাতী কিনা নিশ্চিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৫

রাজশাহীর বামগারায় আহমদিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনাটি আত্মঘাতী কোনও হামলা কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় বক্তব্যকালে তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্রবার বাগমারার মসজিদে হামলার ঘটনায় নিহত ব্যক্তি আত্মঘাতী ছিল কিনা তা জানা যায়নি। সে বোমা বহন করেও নিয়ে আসতে পারে।

শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় বাগমারা উপজেলার মচমইল গ্রামের সৈয়দপুর বকপাড়া আহমদিয়া মুসলিম জামা'ত মসজিদে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত এবং আহত হন ১০ থেকে ১২ জন। বিস্ফোরণে নিহত বোমা বহনকারী ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় শুক্রবার গভীর রাতে অজ্ঞাতদের আসামি করে বাগমারা থানায় একটি একটি মামলা করেছে পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ওই যুবক আত্মঘাতী নাকি বোমা বহনকারী তা তদন্তের পরই জানা যাবে। এখনও নিশ্চিত হওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.