Sylhet Today 24 PRINT

তিন ডিআইজি প্রিজন্স ও দুই জেল সুপারকে বদলি

সিলেটটুডে ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০২২

তিন কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) ও দুই জ্যেষ্ঠ জেল সুপারকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে বদলির এ প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা।

আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনার দুই দিনের মাথায় এ বদলির খবর এলো। তবে কী কারণে তাদের বদলি করা হয়েছে, তা প্রজ্ঞাপনে বলা হয়নি।

বদলি করা তিন কারা উপমহাপরিদর্শকের মধ্যে চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক এ. কে. এম. ফজলুল হককে ঢাকা বিভাগে, রংপুর কারা উপমহাপরিদর্শক মো. আলতাব হোসেনকে চট্টগ্রাম বিভাগে এবং ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল হককে রংপুর বিভাগে বদলি করা হয়েছে।

আর জ্যেষ্ঠ জেল সুপারের মধ্যে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. আব্দুল আজিজকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয়েছে।

এর আগে রোববার (২০ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত চত্বর থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়া হয়। তারা হলেন: মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। তারা প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.