Sylhet Today 24 PRINT

মানুষের ওপর অত্যাচার করা হলে ছেড়ে দেয়া হবে না।: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ওপর যে অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে তা আমরা ভুলব কীভাবে। এখন আন্দোলনের নামে মানুষের ওপর অত্যাচার করা হলে বিএনপির কোনো নেতাকর্মীকে ছেড়ে দেয়া হবে না।’

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ করে আওয়ামী লীগ প্রধান বলেন, বিএনপি-জামায়াতের সেই অত্যাচার-নির্যাতন ভুলে যাওয়া যাবে না। এতোটা জঘন্য কাজ তারা করতে পারে, যা কল্পনাও করা যায় না।

‘আমাদের বোনেরা যখন তাদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গেছে তখন একদিকে বিএনপির গুণ্ডা বাহিনী অন্যদিকে জামায়াত-শিবির থেকে শুরু করে পুলিশ বাহিনী তাদের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছে।

‘আমাদের বোনেদের ওরা রাস্তায় ফেলে কীভাবে মেরেছে! নির্যাতন করেছে, বুটের লাথি মেরেছে, পুলিশ স্টেশনে নিয়ে তাদের ওপর অত্যাচার করেছে। এমনকি অন্তঃসত্ত্বারাও রেহাই পায়নি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কই আমরা তো কিছু করছি না। তাদের মেয়েরা মিছিল করছে, আন্দোলন করছে, স্লোগান দিচ্ছে। তারা তাদের ইচ্ছেমতো আন্দোলন করতে পারছে। আমরা তাদের বাধা দিচ্ছি না। কিন্তু যেভাবে তারা অত্যাচার চালিয়েছিল তা আমরা ভুলবো কীভাবে? সাধারণ মানুষ ভুলবে কীভাবে?’

সরকারপ্রধান বলেন, ‘তারপর তাদের অগ্নি-সন্ত্রাস। এটা কোনো মানুষের কাজ? জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা? এটাই নাকি বিএনপির আন্দোলন। এজন্য আমরা হুশিয়ার করে বলেছি- আপনারা আন্দোলন করেন, মিটিং করেন, মিছিল করেন; কোনো আপত্তি নেই। কিন্তু যদি কোনো মানুষকে ওইভাবে পুড়িয়ে মারা, বোমা মারা বা অত্যাচার করতে যান তাহলে একটাকেও ছাড়ব না। এটা হলো বাস্তব কথা।’

তিনি বলেন, ‘আমাদের ওপর যে আঘাত করা হয়েছে তা আমরা ভুলিনি। আমরা সহ্য করেছি দেখে তারা যেন মনে না করে যে এই সহ্য করাটা আমাদের দুর্বলতা। দুর্বলতা নয়। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। আমাদের সঙ্গে আছে। ওই খনিদের সঙ্গে নেই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.