Sylhet Today 24 PRINT

আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন রিমি

সিলেটটুডে ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০২২

আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন তাজউদ্দিন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি। আর মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন জাহানারা বেগম।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে এই ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের প্রথমে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক হিসেবে শবনম জাহান শিলার নাম ঘোষণা করেন।

এরপর তিনি আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকির স্থলে (মহিলা বিষয়ক সম্পাদক) জাহানারা বেগমের নাম ঘোষণা করেন। একই সঙ্গে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে সিমিন হোসেন রিমির নাম ঘোষণা দেন।

এ ছাড়া মহিলা আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি নির্বাচিত হয়েছেন সাহেদা খানম দিপ্তী। সাধারণ সম্পাদক হয়েছেন হাসিনা বারী। দক্ষিণের সভাপতি সাবেরা বেগম স্বপদে বহাল রয়েছেন। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পারুল আক্তার।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ছেয়ে যায়। শাহবাগ থেকে মৎস্য ভবন, অন্যদিকে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাপলা চত্বর পর্যন্ত সাজানো হয় নানাভাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.