সিলেটটুডে ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০২২
পদ্মা সেতুতে ট্রেন চলাচলের জন্য চীন থেকে আনা হয়েছে ১৫টি নতুন কোচ। চট্টগ্রাম বন্দরে খালাসের পর রোববার এগুলো রেলওয়ের নিজস্ব ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, ‘ট্রয়ো ওয়ার্ল্ড’ নামের পানামার পতাকাবাহী একটি জাহাজ চীন থেকে কোচ ও আনুষঙ্গিক সরঞ্জাম নিয়ে আসে। জাহাজটি ১২ নম্বর জেটিতে ভেড়ানোর পর রেলওয়ে কর্মকর্তাদের উপস্থিতিতে কোচগুলো খালাস করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, শনিবার ৮টি এবং রোববার ৭টি কোচ খালাস করা হয়েছে। এরপর এগুলো বন্দর থেকে নিয়ে গেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ের একটি সূত্র জানায়, ক্রেনের সহায়তায় কোচগুলো জেটিতে নামানোর পর বিশেষ ওয়াগনে করে হালিশহর সিজিপিওয়াই ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যন্ত্রাংশ সংযোজনের পর এগুলো ঢাকার টঙ্গী ও নীলফামারীর সৈয়দপুরে রেলের ওয়ার্কশপে পাঠানো হবে। এরপর এই কোচগুলোর সমন্বয়ে একটি ট্রেন ট্রায়াল রান করানো হবে।
সূত্র জানায়, পদ্মা রেল সেতু প্রকল্পের আওতায় চীন থেকে ১০০টি নতুন ব্রডগেজ কোচ আনছে রেলওয়ে। এসব কোচ দিয়ে পদ্মা সেতু রেল লাইনের ওপর ট্রেন চলবে। প্রথম ধাপে এসেছে ১৫টি কোচ। বাকি ৮৫টি কোচ পর্যায়ক্রমে আনা হবে।
গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরদিন সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। যাত্রার শুরুতেই ট্রেনসহ চান চলাচলের কথা ছিল এ সেতু দিয়ে। তবে অবকাঠামো নির্মাণকাজ শেষ না হওয়ায় শুধু সেতুর সড়ক পথটি উন্মুক্ত করা হয়। আগামী বছরের জুনে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরুর কথা রয়েছে।