Sylhet Today 24 PRINT

ইভিএমে নিয়ে সমস্যা নেই, প্রার্থী ও ভোটারদের আস্থা আছে: সিইসি

সিলেটটুডে ডেস্ক: |  ১২ ডিসেম্বর, ২০২২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএম নিয়ে কোনো সমস্যা নেই। বরং ইভিএম দিয়েই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব। ইভিএমে প্রার্থী ও ভোটারদের আস্থা আছে। জাতীয় নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে।

আজ সোমবার রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকাসহ রংপুর সিটি নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে উল্লেখ করে তিনি বলেন, প্রিসাইডিং অফিসাররা কোনো পক্ষপাতিত্ব করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেননা, নির্বাচনে ভালোমন্দ নির্ভর করে প্রিসাইডিং অফিসারের ওপর। তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে, নির্বাচন বন্ধ করা লাগলে বন্ধ করবে। এটি করতে পারলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশ না নেওয়া প্রসঙ্গে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোই নির্বাচনী পরিবেশ বা লেবেল ফিল্ড তৈরি করবে- ইসি তাদের সহযোগিতা করবে। ভোটের দিন রংপুর নগরবাসীকে তিনি নির্ভয়ে, নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান।

এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রংপুর সিটি নির্বাচনের মেয়র পদে ৯ জন, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে ৬৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৭৯ জনসহ মোট ২৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৭ ডিসেম্বর চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন ভোটার ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.